প্রকাশিত: Mon, Apr 10, 2023 2:30 AM
আপডেট: Fri, Jun 5, 2026 7:34 AM

মানুষের মাঝে হাহাকার নেই: বাণিজ্যমন্ত্রী

মোস্তাফিজার বাবলু: রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দ করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ  করার সময় শনিবার একথা বলেন টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি শতকরা ৯ ভাগ হলেও পাকিস্তানে এটি শতকরা ৩৫ ভাগ। মানুষের কষ্ট হলেও বৈশ্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। এ কারণে বিএনপির উচিত বৈশ্বিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশ নিয়ে সমালোচনা করা। 

মন্ত্রী আরো বলেন, সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তূকি মূল্যে টিসিবির পণ্য অস্বচ্ছলদের মাঝে বিক্রি করছে। এখন রমজানে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। বৈশ্বিক অবস্থা ভালো হলে দেশের মানুষ আরও বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে।

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে রংপুরের ২৯ সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সম্পাদনা : মুরাদ হাসান